বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কানাডা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান সংসদীয় প্রতিনিধি দলের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৬ সদস্যের কানাডার সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াসমিন রাতানস্কি এমপি। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সালমা আতাউল্লাহ ঝা এমপি, ম্যাট জেনেরক্স এমপি, থমাস মুলকেয়ার এমপি ও বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনোয়া প্রিফন্টেইন।
বৈঠকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ও আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন।
এর আগে সকাল পৌনে ১১টার সময় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক করেন। প্রায় এক ঘন্টা বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমগীর সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যাননের সঙ্গে চলমান রাজনীতি ও রোহিঙ্গা ইস্যু, আগামী নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যেটা ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।












