আগামী সংসদ নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বেলা ১১টায় সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যদি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা মনের মাধুরি মিশিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে।’
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। এখন শুনি তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। আসলে তারা কখন কী চায়, তা তারা ছাড়া আর কেউ জানে না।’
তিনি বলেন, ‘নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।’
রোহিঙ্গা সংকট সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গা ইস্যুতে ভারতের মানসিকতার ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে, তাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া খুব সহজ হবে না। বিশ্ব জনমতও আরো জোরদার হচ্ছে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে। ইন্ডিয়াও আগের চেয়ে তাদের সুর আরো জোরদার হয়েছে। ইন্ডিয়াও তাদের চাপ প্রদান শুরু করে দিয়েছে বলে আমাদের মনে হয়।’
বৈঠক শেষে ব্রিফিংয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা জানান, ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে। তিনি বলেন, কফি আনান কমিশন বাস্তবায়নের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব।












