আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে আনসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি নষ্ট করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে।
আজ গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন আপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর উন্নয়নে কাজ করেছি।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন। সাহসিকতা ও সেবামূলক কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য নির্ধারিত সদস্যদের প্রধানমন্ত্রী পদক পরিয়ে দেন।












