নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা সম্পূর্ণ আত্মঘাতী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘মহান বিজয় দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মওদুদ আহমদ বলেন, নিম্ন আদালতের বিচারকদের চাকরির যে শৃঙ্খলাবিধি সরকার তৈরি করছে, তা সম্পূর্ণ অর্থহীন এবং অসাংবিধানিক বিধিমালা। এটা মাসদার হোসেন মামলায় বিচার বিভাগকে পৃথকীকরণ করার সম্পর্কে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল তার সম্পূর্ণ পরিপন্থি।
শৃঙ্খলাবিধির মাধ্যমে নিম্ন আদালতের বিচারকগণ সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে মন্তব্য করে তিনি বলেন, এখন আর বলা যাবে না যে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ থেকে পৃথক একটি প্রতিষ্ঠান। এই শৃঙ্খলাবিধি সংবিধানের ২২ অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থি।
শৃঙ্খলাবিধির মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের মৃত্যু ঘটেছে মন্তব্য করে ব্যারিস্টার মওদুদ বলেন, এই বিধিমালা আইনজীবী সম্প্রদায়সহ দেশের কোনো শ্রেণির মানুষের কাছে কখনই গ্রহণযোগ্য হবে না। আশা করি, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ এবং নিম্ন আদালতের
বিচারকগণ এই শৃঙ্খলাবিধি প্রত্যাখান করবেন।












