কাজী সাদ্দাম হোসেন
আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেয়ার ঘোষণার পর শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বলেছেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপের পর তিনি এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেবেন। বর্ষীয়ান এ ব্যাটসম্যান এটাকে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করেছেন। শ্রীলংকা দলের উন্মুক্ত মত বিনিময়কালে সাঙ্গাকারা বলেন, ‘ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট নিয়ে অনেক চিন্তার বিষয় আছে, নির্দিষ্ট সময় নির্ধারণটা কঠিন। এখন আমার বয়স ৩৬। আগামীবছর বিশ্বকাপের সময় আমার বয়স হবে ৩৭ বছর। তার পরের বিশ্বকাপে আমার বয়স হবে ৪১ বছর এবং সে সময় খেলব আমি এমন আশা করছি না। সুতরং ২০১৫ বিশ্বকাপ হবে আমার শেষ বিশ্বকাপ। এটা এক ধরনের স্বাভাবিক অগ্রগতি।’ তিনি বলেন,‘টেস্ট ক্রিকেট অব্যাহত রাখতে হলে ফর্ম, ফিটনেস এবং উপভোগ করাটা আপনার জন্য একটা বড় বিষয়। আমি আমার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে গেছি তা অস্বীকার করা যাবে না।’ খেলোয়াড়ী জীবনে এ পর্যন্ত ১২২ টেস্ট, ৩৬৯ ওয়ানডে এবং ৫০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা সাঙ্গাকারা বলেন, ‘আমি মনে করি দল সঠিকভাবেই চলবে। আপনি যদি থিরিমান্নে এবং চান্ডিমালের দিকে লক্ষ্য করেন দেখবেন তারা সব ফরমেটের ক্রিকেট খেলতে প্রস্তুত। আমি মনে করি আমি এবং মাহেলা যদি আজ কিংবা কাল কিংবা যখনই অবসরের সিদ্ধান্ত নেই তাতেও বড় কোন পার্থক্য সৃষ্টি হবে না। ‘টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসাবে এ্যাঞ্জেলো ম্যাথুস পরিপক্ক হচ্ছে। শ্রীলংকা ক্রিকেট বেশ ভাল হাতেই আছে।’ সাঙ্গাকারার মতে সফলতার মূল বিষয় হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ সময় টিকে থাকা। এটা কেবল দুই অথবা তিন বছরের ব্যাপার নয়, দীর্ঘ দিনের ব্যাপার।’ আন্তর্জাতিক টি-২০ নিয়ে কিছুটা শংকা সৃষ্টি হওয়ায় এটা থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ ক্রিকেট অব্যাহত রাখবেন বাঁ-হাতি অভিজ্ঞ এ ব্যাটসম্যান। কেবল আর্থিক কারণেই ঘরোয়া টি-২০ ক্রিকেট চালিয়ে যাবেন-একথা মানতে রাজি নন তিনি। তিনি বলেন, ‘প্রথমত এ ভার্সনটা আমি উপভোগ করি এবং এটাই গুরুত্বপূর্ণ। আমি জানি অনেকেই বলে থাকেন টি-২০ লীগের কারণেই ক্রিকেটাররা আজ ভালভাবে বেঁচে আছেন। তবে অনেক ক্ষেত্রে এটাও সত্যি। আমরা পেশাদার ক্রিকেটার।’ তার অবসরের সময়কে সমর্থন করে সাঙ্গাকারা বলেন, এটা কোন কঠিন সিদ্ধান্ত ছিল না। কারণ ২০১৫ বিশ^কাপ পর্যন্ত শ্রীলংকা খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না। তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই এটা খুব কঠিন ছিল না। খুব শিগগির বড় ধরনের কোন টুর্নামেন্ট নেই। ২০১৫ বিশ্বকাপের আগে আমরা এক অথবা দু’টি টি-২০ খেলব বলে আমি মনে করি। যে কারণে আমি অবসরের ঘোষণা দিয়েছি, নতুবা দিতাম না। এটাই আমার শেষ আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্ট। আপনি সব সময়ই চাইবেন আপনার অবসরের দিনটি যেন না আসে। কিন্তু এটা আসবেই।












